চট্টগ্রামের ভূজপুরের আধাঁরমানিক থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসব মাদক ভারত থেকে সীমান্ত দিয়ে আনা হয়েছিল। কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে বিজিবি খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) আওতাধীন একটি বিওপি দল এ কে খান চা বাগানের সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ কে খান চা বাগানে ফাঁদ পেতে থাকে বিজিবি টহল দল। রাত ৯টার দিকে ২ চোরাকারবারিকে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৬ প্যাকেটে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে।



