বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল থেকে ‘উধাও’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ চিকিৎসাধীন এক রোগী পালিয়ে গেছে। তিনি ফেনীর ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন।

তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি পালিয়ে যাননি, ছাড়পত্র না নিয়ে চলে গেছেন।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মো. মোশাররফ (৪৫)। পেশায় কৃষক তিনি এবং ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এর আগে শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোশাররফ ছাগলনাইয়া উপজেলার জয়নগর পচা মিয়ার বাড়ির বাসিন্দা। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় নিজের জমিতে চাষাবাদ করার সময় বিএসএফ তাকে গুলি করে। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে আনা হয়।

শনিবার দুপুরের পর থেকে তার শয্যা ফাঁকা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষও জানাতে পারেনি, তিনি কোথায় গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, ওই রোগীর হাসপাতাল থেকে চলে গেছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মোশাররফ ভর্তি হওয়ার পর ওয়ার্ডে কে বা কারা আসা-যাওয়া করছে, তা সব সময় পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। তিনি অপহরণ হয়েছেন, নাকি পালিয়েছেন আমি জানি না।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মোশাররফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ছাড়পত্র না নিয়েই চলে গেছেন বলে জানতে পেরেছি। এমন অনেক রোগীই হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়ে চলে যান।

এ ঘটনায় কোনো তদন্ত হচ্ছে কি-না, জানতে চাইলে ওসি জানান, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না, জানতে হবে।

ডিজে

ksrm