বিএনপির মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান

আমীর খসরুর আসন পরিবর্তন

চট্টগ্রামের তিন সংসদীয় আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। সীতাকুণ্ড আসনে নতুন করে ‘নির্বাচনের টিকিট’ পেয়েছেন আসলাম চৌধুরী, আর পাহাড়তলী–হালিশহর আসনে প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসন থেকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মোহাম্মদ আসলাম চৌধুরী। এসময় তিনি দলীয় মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

চট্টগ্রাম বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১০ আসনে ঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ায় আমীর খসরুকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়।

দলীয় তথ্য থেকে জানা গেছে, আমীর খসরু মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এর আগে তিনি ১৯৯১ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করে। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে বন্দর–পতেঙ্গা এলাকা থেকে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

আরও জানা গেছে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসনটি তার ছেলে ইস্রাফিল খসরুর জন্য চেয়েছিলেন। তবে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য আগে থেকেই ওই এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করেন। পরে দলীয় সিদ্ধান্তে চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরুকে প্রার্থী ঘোষণা করা হলেও, তখনও চট্টগ্রাম-১১ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সীতাকুণ্ড আসনে গত ৩ নভেম্বর দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এরপর তিনি ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ডিজে

ksrm