বার্নার্ডোর হ্যাটট্রিকে ওয়াটফোর্ডের জালে ম্যানসিটির গোল উৎসব
আগের ম্যাচে নরউইচ সিটির কাছে হার মেনে ছিল ম্যানচেস্টার সিটি। সেই হারের কথা ভুলে দাপটের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি। অতিথি ওয়াটফোর্ডের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল কোচ পেপ গার্দিওলার দল। বার্নার্ডো সিলভার হ্যাটট্রিকের সুবাদে সফরকারী ওয়াটফোর্ডকে ৮-০ গোলে ধসিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের ১৮ মিনিটেই ৫ গোলের দেখা পেয়ে যায় ম্যানসিটি। প্রতিপক্ষ ওয়াটফোর্ডকে উড়িয়ে দেওয়ার জন্য এই স্কোরটাই যথেষ্ট ছিল।
কিন্তু ডেভিড সিলভা (১ম মিনিটে), সার্জিও আগুয়েরো (৭ম মিনিটে), রিয়াদ মাহরেজ (১২তম মিনিটে), বার্নার্ডো সিলভা (১৫তম মিনিটে) ও নিকোলাস ওটামেন্ডির (১৮তম মিনিটে) গোলেও সন্তুষ্ট হতে পারেনি সিটি।
বিরতির পর ৪৯তম ও ৬০তম মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো। খেলা শেষের বাঁশি বাজার ৫ মিনিট আগে সিটির হয়ে অষ্টম গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।
ছয় ম্যাচে চার জয়, এক হার আর এক ড্রয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা ম্যানসিটির সংগ্রহ এখন ১৩ পয়েন্ট।



