বাবাকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন ছেলে, পিকআপের ধাক্কায় দুজনই নিহত

চট্টগ্রামের কর্ণফুলী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন। তারা দুইজন মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে সেতুর ওপর প্রথম সিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন—আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) এবং তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তারা চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে শাহ আমানত সেতু এলাকা থেকে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। সেতুর প্রথম সিঁড়ি এলাকায় ঢালু রাস্তায় পৌঁছালে দুটির সংঘর্ষ হয়।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে থাকা বৃদ্ধ দুর্গাপদ মল্লিক ছিটকে পড়ে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন বলেন, পিকআপটি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের স্বজন বাবলা মল্লিক জানান, সকালে বিধান মল্লিক তার বাবাকে গ্রামের বাড়ি আনোয়ারায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলেন। বাবাকে পৌঁছে দিয়ে পরে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দীন তালুকদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ/ডিজে

ksrm