বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসনের নামে একটি গণবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, রুমার বগালেক, কেওক্রাডং ও সংসংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। তবে জেলা প্রশাসন জানিয়েছে, এই গণবিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। বান্দরবান জেলায় কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার কথা বলা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল সোমবার ছড়িয়ে পড়া ভুয়া গণবিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সম্প্রতি সীমান্তে একটি সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটক ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তার নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনা করছে। তাই রুমার বগালেক, কেওক্রাডং ও সংসংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটন গন্তব্য ২২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হলো।
বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের পক্ষে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামের একজন সহকারী কমিশনারের স্বাক্ষর রয়েছে।
ভুয়া এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর পর্যটক ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। সকালে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে জেলা প্রশাসকও বিস্ময় প্রকাশ করেন। তিনি বিষয়টি জানার পর পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞাসংক্রান্ত ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেন।
জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জরুরি বিজ্ঞপ্তিতে বলেছেন, জেলা প্রশাসনে স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা শাখা নামের কোনো শাখা নেই। পাশাপাশি ভুয়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে কোনো কর্মকর্তাও নেই জেলা প্রশাসনে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান জেলা প্রশাসক।
টিএ/ডিজে




