বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজন ধর্ষণের ঘটনায় থানার সামনে বিক্ষোভ করেছে।
রোববার (২৪ মে) উপজেলা সদর এলাকা থেকে ১৬ বছরের ওই কিশোরকে গ্রেপ্তার করে থানচি থানা পুলিশ। এর আগে শনিবার বিকেলে ধর্ষণের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার শিশুটির মা-বাবা কাজে যান। এরপর বিকেলে এসে তারা শিশুটিকে আহত অবস্থায় দেখেন। এ ঘটনায় থানায় অভিযোগ করলে, পুলিশ এসে ওই কিশোরকে আটক করে। আটক ছেলেটি ওই শিশুটির প্রতিবেশী।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌফিক জানান, ধর্ষণের শিকার শিশুকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কিশোরকে আদালতে হাজির করার জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
ডিজে



