বাড়িতে মশার লার্ভা, বাড়িওয়ালাকে অর্থদণ্ড

চট্টগ্রামের উত্তর আগ্রাবাদে বাড়িতে মশার লার্ভা পাওয়ায় এক বাড়িওয়ালাকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

রোববার (২৩ আগস্ট) ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়াপাড়ায় খোকনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে অসচেতনভাবে মশার লার্ভা উৎপাদন ও জনজীবন হুমকিতে ফেলার দায়ে সিটি করপোরেশন আইন-২০০৯ এর ৯২ ধারায় বাড়িওয়ালাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ কর্মসূচির জন্য ১০ জন ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত পাঁচ-ছয় মাস ধরে চসিক ‘বিটিআই’ ব্যবহার করছে। এতে গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি জানান, নগরের ২, ৩, ১৭, ১৮, ১৯, ৩২, ৩৪ ও ৩৯ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত জনবল দিয়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, জমে থাকা পানি ও বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/ডিজে

ksrm