চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম ফরিদুল আলম (৫৭)। তিনি ফৌজদার হাট বাজারের ফরিদ স্টোরের মালিক। ওই এলাকার মৃত ফজলুল হকের পুত্র।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদুল আলম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আর ফেরেননি। সকাল দশটার দিকে খবর পেয়ে ফৌজদার হাট বাজারের পাশের একটি স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনও চিহ্ন ছিল না। তবে পাশে একটা বিষের শিশি পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
এসএ




