চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে মাসহ ৬ জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ করেন। এর আগে ১০ জুন ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছিলেন ট্রাইব্যুনাল।
আগামী রোববার এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং চিকিৎসকসহ অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ভিকটিম শিশুটির মা ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পরে আসামি পক্ষের আইনজীবী ছয় সাক্ষীকে জেরা করেছেন।
গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে শুনানি শেষে আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগের দিন সোমবার শিশু ধর্ষণের অভিযোগে করা এই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ আনা হয় আসামি মনির হোসেনের বিরুদ্ধে।
এর আগে শিশুটির ডিএনএ রিপোর্ট গ্রহণ এবং ১৬৪ ধারায় আসামির জবানবন্দি ও ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করে পুলিশ। এই মামলার মোট ২২ জনকে সাক্ষী করা হয়।
গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আরএ/ডিজে




