বাকলিয়ায় ব্র্যান্ড বাকেটকে অর্থদণ্ড ৮ লাখ, দুই ভবন সিলগালা করলো সিডিএ

চট্টগ্রামের বাকলিয়ায় নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের দায়ে ‘ব্র্যান্ড বাকেট’ নামে একটি রেস্টুরেন্টকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে দুটি ভবন সিলগালাসহ পাঁচ ভবন মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বাকলিয়ায় ব্র্যান্ড বাকেটকে অর্থদণ্ড ৮ লাখ, দুই ভবন সিলগালা করলো সিডিএ 1

মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর বাকলিয়া ও বায়েজিদে এ অভিযান চালান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা গেছে, বায়েজিদ এলাকার তিনটি ভবনে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত ভবনের অংশ ভেঙে ফেলা হয়। একইসঙ্গে ভবন মালিকদের জরিমানাও করা হয়। এছাড়া বাকলিয়ায় দুই ভবন মালিককেও জরিমানা গুনতে হয়েছে।

অভিযানে দুটি ভবন সিলগালা করা হয়। এছাড়া বাকলিয়ায় ব্র্যান্ড বাকেট নামে একটি রেস্টুরেন্টকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি নকশার বাইরে গিয়ে স্থাপনা নির্মাণ করেছিল।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীন। উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, চট্টগ্রাম মহানগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি। ভবন নির্মাণে বিধিবিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। নগরীর শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আইএ/ডিজে

ksrm