চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডের ওয়াপদা ব্রিজের পাশে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। রাত পৌনে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টায় আগুন লাগার এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা থেকে পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনের বাসিন্দারা ভবনে আটকা পড়েছেন।
আগুনের লেলিহান লিখা ভবনে ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে গত ৪ অক্টোবর বিকেলে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ১০ নম্বর প্লটে অবস্থিত একটি ভাঙারি গুদামে আগুন লাগে। বেলা সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন আয়ত্বে আনে।
গত ১৫ আগস্ট রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোড–সংলগ্ন এলাকায় একটি ঝুটের (পরিত্যক্ত মালামাল) গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের তৎপরতায় সেই আগুন নেভানো সম্ভব হয়। ব্যক্তিমালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল রাখা হয়েছিল।




