বাকলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যে গুলিবর্ষণকারী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (৫০)। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগরের ভবানী সোলেমান পটোয়ারীর বাড়ির মৃত শাহজাহানের ছেলে। তবে বর্তমানে তিনি মিয়াখান নগর বসবাস করেছন।

বুধবার (৮ এপ্রিল) তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে কক্সবাজারের চকরিয়া থানার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকা থেকে রাত সাড়ে ১০টার সময় গ্রেপ্তার করা হয়।

এর আগে ৪ এপ্রিল রাত ৯টায় বাকলিয়ার মিয়াখাননগরের ময়দার মিল স্কুল মাঠের সামনে রাস্তায় মোরশেদ গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে গোলাগুলির ঘটনায় এক শিশু গুলিবিদ্ধসহ চারজন আহত হন। আহত শিশুর মো. ফাহিমের (১৩) দুই পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। এরপর চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আবু কাউসার (২০), মো. সজিব (১৯), সৈয়দ সুমন (২০) ও মো. বাবলা (১৯)।

এ ঘটনার ৫ এপ্রিল শ্যুটার ফারুকের ভাড়া বাসা থেকে রাত আড়াইটায় একটি দেশীয় শর্টগান উদ্ধার করেন। ওইদিনই এ ঘটনায় বাকলিয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ৬ এপ্রিল গুলিবর্ষণকারী শওকতকে এবং ৭ এপ্রিল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, ৪ এপ্রিল বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ চারজন আহত হন। এর মধ্যে এক শিশু গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বাদি অভিযোগের ভিত্তিতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। বুধবার চকরিয়ার হারবাং থেকে গুলিবর্ষণকারী আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিজে

ksrm