বাংলাদেশে প্রথম গ্রিড-ফর্মিং স্মার্ট ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম আনল হুয়াওয়ে

জাতীয় গ্রিডের জন্য বাংলাদেশে প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এসেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই সমাধান বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশের বিদ্যুৎব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকায় হুয়াওয়ে আয়োজিত ‘সবুজ ভবিষ্যতকে ত্বরান্বিত করছে গ্রিড-ফর্মিং টেকনোলজি’ শীর্ষক অনুষ্ঠানে এসব সমাধান উদ্বোধন করা হয়। হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক উইল ইউ, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ডিজিটাল পাওয়ার বিজনেসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং জুনফেং এবং হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এসব সমাধান উদ্বোধন করেন।

‘সৌরশক্তি ও ব্যাটারি এনার্জি স্টোরেজের সমন্বয় নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউটিলিটি সরবরাহকারী, বিদ্যুৎ উৎপাদক, বৈশ্বিক বিনিয়োগকারী, কারিগরি উপদেষ্টা, পরামর্শক ও ইপিসি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নতুন দুই প্রযুক্তি

হুয়াওয়ে শিল্পখাতের জন্য ৫০০ কিলোওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার SUN2000-506KTL-H3 এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) LUTERRA-6261-2S/4S উন্মোচন করেছে।

উইল ইউয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ওয়াং জুনফেং ‘বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির প্রবণতা’ বিষয়ে উপস্থাপনা দেন। সমাপনী বক্তব্য দেন মা বেন।

উইল ইউ বলেন, ব্যাটারি স্টোরেজ সিস্টেমের সঙ্গে সৌরবিদ্যুতের সমন্বয় বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের মূল ভিত্তি হয়ে উঠছে। শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন যথেষ্ট নয়। প্রয়োজনের সময় নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে ইন্টেলিজেন্ট এনার্জি স্টোরেজ ও গ্রিড-ফর্মিং প্রযুক্তি প্রয়োজন। উদ্ভাবনী সোলার-প্লাস-স্টোরেজ সমাধানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশকে আরও স্মার্ট, স্থিতিস্থাপক ও টেকসই বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

SUN2000-506KTL-H3 ইনভার্টারে উচ্চতর পাওয়ার ডেনসিটি, উন্নত সিস্টেম অ্যাভেইলেবিলিটি, গ্রিড-ফর্মিং সক্ষমতা, বুদ্ধিমান অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম), উন্নত নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার সুবিধা রয়েছে। হুয়াওয়ের তথ্য অনুযায়ী, এসব সুবিধার ফলে ব্যালান্স অব সিস্টেম (বিওএস) ব্যয় এবং বিদ্যুতের লেভেলাইজড কস্ট অব এনার্জি (এলসিওই) কমানো সম্ভব হবে।

ইনভার্টারটির পরিপূরক হিসেবে LUTERRA-6261-2S/4S বিইএসএসে রয়েছে ৯২ দশমিক ৬ শতাংশ রাউন্ড-ট্রিপ এফিশিয়েন্সি (আরটিই), প্যাক-লেভেল অপটিমাইজেশন, সেল-টু-গ্রিড (সি২জি) নিরাপত্তা স্থাপত্য, অধিকতর নির্ভুল স্টেট অব চার্জ (এসওসি), স্টেট অব হেলথ (এসওএইচ) পারফরম্যান্স এবং দ্রুত গ্রিড-ফর্মিং প্রতিক্রিয়া।

১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা

হুয়াওয়ের সোলার ইনভার্টার সল্যুশন ব্যবহারকারী প্যারামাউন্ট গ্রুপের টেকনিক্যাল বিভাগের প্রধান মাসুদ রানা প্যারামাউন্টের ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা অনুষ্ঠানে তুলে ধরেন।

হুয়াওয়ের ইনভার্টার বেছে নেওয়ার কারণ হিসেবে মাসুদ রানা বলেন, লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ ও মৌলভীবাজারের মতো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্যারামাউন্টের সৌরবিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব এলাকা অত্যন্ত ধুলোময় হওয়ায় ইনভার্টারের উচ্চমাত্রার আইপি বা ইনগ্রেস প্রোটেকশন সুরক্ষা প্রয়োজন ছিল। এ কারণে ইনভার্টারের আইপি রেটিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হুয়াওয়ের ইনভার্টারের আইপি রেটিং ৬৬। তাঁর ভাষ্য, হুয়াওয়ের ইনভার্টারের ত্রুটির হার খুবই কম। কারিগরি সমস্যা হলে প্রতিষ্ঠানটি দ্রুত সমস্যার সমাধান করে।

গ্রিড স্থিতিশীলতায় সোলার-প্লাস-স্টোরেজ

হুয়াওয়ের দাবি, সমন্বিত সোলার-প্লাস-স্টোরেজ সমাধানটি বাংলাদেশের গ্রিড পরিস্থিতি ও নীতিগত দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ব্যবস্থায় দিনে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সংরক্ষণ করে সর্বোচ্চ চাহিদার সময়ে সরবরাহ করা যাবে।

এ ছাড়া এতে র‌্যাম্প-রেট নিয়ন্ত্রণ, ফ্রিকোয়েন্সি রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন ও রিঅ্যাকটিভ পাওয়ার সাপোর্ট এবং প্রয়োজন অনুযায়ী গ্রিড-ফর্মিং সুবিধা রয়েছে। প্রচলিত শুধু পিভি-ভিত্তিক স্থাপনার তুলনায় সমন্বিত এ সমাধান বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ-সক্ষমতা, গ্রিডের সঙ্গে সামঞ্জস্য এবং নবায়নযোগ্য জ্বালানির একীভূতকরণ বাড়াতে পারে বলে জানিয়েছে হুয়াওয়ে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আরও দক্ষ সৌরবিদ্যুৎ উৎপাদন, অধিক জ্বালানি সংরক্ষণ, উন্নত গ্রিড স্থিতিশীলতা এবং নবায়নযোগ্য বিদ্যুতের জন্য কার্যকর সমাধান নিশ্চিত করে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করতে চায় তারা।

ksrm