বাংলাদেশে এক সাবস্ক্রিপশনে একাধিক এআই, ‘রবি এআই স্পেস’ চালু

চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল এবার একটি প্ল্যাটফর্মে ব্যবহারের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের রবি গ্রাহকেরা। এক সাবস্ক্রিপশনেই পছন্দের বিভিন্ন এআই ব্যবহারের সুবিধা দিতে ‘রবি এআই স্পেস’ নামে অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। মাই রবি অ্যাপের মাধ্যমে এ সেবা ব্যবহার করা যাবে।

এক প্ল্যাটফর্মে একাধিক এআই

‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন এ সেবা চালু করেছে রবি। এতে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো বিশ্বখ্যাত একাধিক এআই মডেল সরাসরি স্থানীয় গ্রাহকদের নাগালের মধ্যে আনা হয়েছে। গ্রাহকেরা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কিনে এসব সেবা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার মাত্র ১ দশমিক ৬ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে এতদিন অনেক ব্যবহারকারী বিশ্বমানের বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করতে পারেননি। রবির নতুন উদ্যোগে সেই বাধা দূর করার কথা বলা হয়েছে। এখন গ্রাহকেরা মোবাইল ডাটা বান্ডেল কিনেই এআই মডেলগুলো ব্যবহার করতে অথবা এআই টোকেন সংগ্রহ করতে পারবেন।

‘রবি এআই স্পেস’ শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা ও দৈনন্দিন কর্মপ্রবাহ সহজ ও কার্যকর করতে বিভিন্ন এআইভিত্তিক টুল ব্যবহার করা যাবে।

ব্যবহারকারীরা ‘এভরি এআই’ অ্যাপের ভেতরেই সরাসরি তাঁদের লাইভ টোকেন ব্যালেন্স দেখতে পারবেন। ফলে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন রাখা কিংবা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন হবে না।

গড়ে উঠবে এআই ইকোসিস্টেম

‘রবি এআই স্পেস’ চালুর মাধ্যমে একটি সুদূরপ্রসারী ও বিশেষায়িত এআই ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে রবি। ‘এভরি এআই’-এর পাশাপাশি ‘রবি এআই স্পেস’কে এমন একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে স্থানীয় গ্রাহকদের পরিবর্তনশীল প্রয়োজন অনুযায়ী এআইভিত্তিক বিভিন্ন সমাধান তুলে ধরা হবে।

এ বিষয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বাংলাদেশের বাজারে বৈশ্বিক ডিজিটাল টুল ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বড় বাধা ছিল। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এআই প্ল্যাটফর্ম নিয়ে এসে রবি সেই প্রতিবন্ধকতা দূর করছে।

তিনি বলেন, উন্নত ডিজিটাল প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়া, প্রযুক্তি ব্যবহারের বাধা দূর করা এবং তরুণ সমাজ ও সাধারণ মানুষকে স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমে বিশ্বমানের এআই ব্যবহারের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

মাই রবি অ্যাপের ‘রবি এআই স্পেস’ সেকশনের মাধ্যমে এখন সব রবি গ্রাহক এ সেবা ব্যবহার করতে পারবেন।

ksrm