বাঁশখালীতে বেপরোয়া দিদার ডাকাত, ছুরিকাঘাতে এবার যুবক গুরুতর

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় রবিবার (৩ মে) রাতেই রক্তাক্ত হামলার ঘটনা ঘটে, যেখানে দিদার ডাকাত নামে পরিচিত আলমগীর ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে স্থানীয় হাট বকশিদীঘির পাড় থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন ওসমান। এ সময় মধ্যম ইলশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে দিদার, ওয়াজেদ ও জাহাঙ্গীর তার পথরোধ করে। পরে তারা এলোপাতাড়ি ছুরি ও লোহার রড দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত ওসমানকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চোখে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৌরভ চৌধুরী বলেন, আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর খোঁজখবর নেওয়া হচ্ছে।

কে এই দিদার ডাকাত

২০২১ সালের ২১ আগস্ট বাঁশখালী থানার কালিপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি এলজি, একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ ৩০ মামলার আসামি মো. আলমগীর ওরফে দিদার ডাকাতকে এক সহযোগীসহ আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আলমগীর ওরফে দিদার ডাকাতের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আসামিরা অস্ত্র কারবারির সঙ্গে জড়িত। এছাড়া তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

বাঁশখালীতে দায়ের করা অস্ত্র আইনের মামলায় দিদার ডাকাত ও তার সহযোগী বাদশাকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

দিদার ডাকাতের যতো মামলা

দিদার ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে— বাঁশখালী থানার মামলা নং-২ তারিখ: ১৫ জুন ২০১৮, মামলা নং- ২৮ তারিখ ২১ আগস্ট ২০২১, মামলা নং- ০২, তারিখ ৭ জুন ১৯৯৮, মামলা নং- ৩২/১৬১, তারিখ: ১৮/০৫/২০১৮, এফআইআর নং- ২৩, তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, এফআইআর নম্বর- ২৭, তারিখ: ৩০ জুন ২০০৬, ৭. চট্টগ্রাম এর বাঁশখালী থানার এফআইআর নম্বর- ২১, তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০০৬, এফআইআর নম্বর- ২৪ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০০৬, এফআইআর নম্বর-২৫, তারিখ: ০৯ এপ্রিল ২০১৯, এফআইআর নম্বর- ২১, তারিখ: ১৪ এপ্রিল ২০১৯, এফআইআর নম্বর-৩৪, তারিখ: ৯ মার্চ ২০১৯, এফআইআর নম্বর-৯, তারিখ: ১০ অক্টোবর ২০১৬, এফআইআর নম্বর- ২০, তারিখ: ২১ সেপ্টে ২০১৬, এফআইআর নম্বর- ৮, তারিখ: ১২ জুন ২০০৬, এফআইআর নম্বর- ৪৯, তারিখ:২৫ জুন ২০২১, সিআর মামলা নং- ১৫৫/১৯ (বাঁশখালী), সিআর মামলা নং- ২৪০/১৯ (বাঁশখালী), সিআর মামলা নং- ৩৪২/১৯ (বাঁশখালী), বাঁশখালী থানার নন. জিআর মামলা নং- ২০/১৯।

ksrm