বাঁশখালীতে বনকর্মী ও পুলিশের ওপর দখলদারদের হামলা, আহত ৬

চট্টগ্রামের বাঁশখালীতে সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখলমুক্ত করার অভিযানে হামলার শিকার হয়েছেন বন বিভাগ ও পুলিশের সদস্যরা। এ ঘটনায় বন বিভাগের পাঁচ কর্মী আহত হন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ইকোপার্কের জঙ্গল শীলকূপ মৌজার ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বনকর্মীরা হলেন—ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশখালী ইকোপার্ক-সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখল করে একটি প্রভাবশালী চক্র পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মঙ্গলবার সকালে বন বিভাগ ও বাঁশখালী থানা-পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।

বন বিভাগের কর্মীরা জানান, অভিযানের সময় লেয়াকত আলী নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এতে বন বিভাগের পাঁচ কর্মী ও পুলিশের এক সদস্য আহত হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ksrm