চট্টগ্রামের বাশঁখালীতে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে প্রতিবেশী এক যুবকের।
নিহত যুবকের নাম মোহাম্মদ রাশেদ (৩৫)। তিনি বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূইল্যাঝিরি এলাকায় ঝগড়া থামাতে গিয়ে গুরুতর আহত হন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জমিলা আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুষ্টুমির কারণে নাতনিকে বেত দিয়ে শাসন করেন হোসনে আরা বেগম। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান জমিলা আক্তার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হোসনে আরা বেগমকে রক্ষা করতে এবং ঝগড়া থামাতে রাশেদসহ কয়েকজন প্রতিবেশী এগিয়ে আসেন।
অভিযোগ রয়েছে, তখন ক্ষিপ্ত হয়ে জমিলা আক্তার কাঠের টুকরো বা গাছের অংশ দিয়ে রাশেদের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ফরিদা বেগম ও রুফিয়া বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, বউ-শাশুড়ির বিবাদ মেটাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাশেদ নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এএইচ/ডিজে




