বাঁশখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (১ জুন) সকাল ৮টায় উপজেলার মনছুরিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশখালী উপজেলার বাহাদুর আলম (২৮) এবং আবু ছরওয়ার নোমান (৩৪)। আহত তিনজনকে প্রথমে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহাদুর আলম কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জালাল আহমদের ছেলে এবং আবু ছরওয়ার নোমান একই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আবুল বশরের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানা গেছে, নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে বাঁশখালীর মনছুরিয়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির সামুদ্রিক মাছ বহনকারী একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাহাদুরের এবং সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

পরে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবু ছরওয়ার নোমান মারা যান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

ডিজে

ksrm