বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর।

বুধবার (১০ জুন) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ফাহিমা তাসলিম সাদিয়া। তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সাদিয়া ওই গ্রামের হাফেজ মাওলানা ফরিদুল আলমের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে অজু করার উদ্দেশ্যে বাড়ির পুকুরঘাটে যান সাদিয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরঘাটে এসে সাদিয়াকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ উদ্দিন জানান, ভোরে অজু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে পানিতে পড়ে যান সাদিয়া। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের নানা মাওলানা রশিদ আহমদ বলেন, ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায় সাদিয়া। তিনি সাঁতার না জানায় আর ফিরে আসতে পারেননি।

এএইচ/ডিজে

ksrm