বদলি ঠেকাতে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে এলেন চট্টগ্রাম সিটির প্রকৌশলী দম্পতি

মন্ত্রণালয়ে হঠাৎ মেয়রের চিঠি

চট্টগ্রাম সিটি করপোরেশনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তাধীন প্রকৌশলী দম্পতির বদলি নিয়ে নতুন মোড় নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাঁদের ‘স্ট্যান্ড রিলিজ’ কার্যকর করেছে। এর মধ্যেই বদলির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী। শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট আদেশে রুল জারি এবং স্থগিতাদেশ দিয়েছেন।

দুই কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের চিঠি।
দুই কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের চিঠি।

রিটের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও সিটি করপোরেশনের বদলির নির্দেশ পাওয়া নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা। রিট পিটিশনের নম্বর ১০০৬৬/২০২৬। রোববার (২৬ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসাইনের বেঞ্চ রুল জারি ও স্থগিতাদেশ দেন বলে জানা গেছে।

যোগ না দেওয়ায় ‘স্ট্যান্ড রিলিজ’

তবে বদলির আদেশ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেননি এই প্রকৌশলী দম্পতি। এ কারণে বিধি অনুযায়ী তাঁদের বর্তমান কর্মস্থল থেকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার যুগ্মসচিব মো. রবিউল ইসলাম বলেন, বদলির আদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। সোমবার থেকে দুই কর্মকর্তার ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং তাঁর স্ত্রী নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে তাঁদের ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ২৭ জুলাই থেকে তাঁদের স্ট্যান্ড রিলিজপ্রাপ্ত হিসেবে গণ্য করা হবে বলে উল্লেখ করা হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সুমনা আল মজীদ বলেন, রোববার পর্যন্ত মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী নতুন কর্মস্থলে যোগ দেননি।

তদন্তের মধ্যেই বদলি

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। ১৫ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে তদন্ত শেষ হওয়ার আগেই তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২৫ জুন চট্টগ্রামের বাসিন্দা মেহেদী চৌধুরী স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ফাইল বাণিজ্য, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, প্রায় ৫০ কোটি টাকার সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়।

বদলি প্রত্যাহারের আবেদন করেছিলেন মেয়র

এদিকে গত ২৩ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ওই দুই কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের অনুরোধ জানান।

চিঠিতে মেয়র উল্লেখ করেন, ‘আমি আপনার মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে এই পত্রটি লিখছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জলাবদ্ধতাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তুতকরণ ও সমীক্ষা কাজ চলমান রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জনবল সংকট রয়েছে। এর মধ্যে গত ২৩ জুলাই ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের জারিকৃত প্রজ্ঞাপন নম্বর ৪৬.০০.০০০০.০৭১.২৭.০২৬.২০১৬ (অংশ-১)-৩৪৯ অনুসারে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুইজন সিনিয়র প্রকৌশলী জনাব মোহাম্মদ শাহীন- উল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর.) ও ফারজানা মুক্তা, নির্বাহী প্রকৌশলী (পুর.) (অ.দা.)-কে যথাক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও রংপুর সিটি কর্পোরেশনে বদলির প্রজ্ঞাপন আদেশ জারি করা হয়। সম্প্রতি মো: মেহেদি চৌধুরী (মোবাইল নং-০১৬৭৬১০৭৭৯৯) কর্তৃক উত্থাপিত অভিযোগের তদন্তকার্য নিষ্পত্তি না হওয়ার পূর্বে তাদের বদলি বিষয়টি প্রশ্নবিদ্ধ। তাছাড়া তারা উভয়ে স্বামী-স্ত্রী এবং চট্টগ্রাম শহরের বাসিন্দা। তাদের দুই নাবালক সন্তানের শিক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা প্রয়োজন। বর্তমান সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সঠিক সময়ে বাস্তবায়নের স্বার্থে এবং গৃহীত প্রকল্পগুলোকে ত্বরান্বিত করার জন্য উক্ত বদলীকৃত দুইজন প্রকৌশলীকে কাজের স্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রয়োজন।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মেয়রের চিঠির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনও কোনো জবাব আসেনি।’

সিপি

ksrm