বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তি পৌঁছে দিতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার।
বগুড়া থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় পৌঁছাবে। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির প্রদর্শনী, হাতে-কলমে প্রশিক্ষণ ও শিক্ষামূলক সেশনের আয়োজন করা হবে।
কর্মসূচির মাধ্যমে রোগ নির্ণয়ের সক্ষমতা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমোর আয়োজন করা হবে। এসব আয়োজনে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হবে।
উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, ‘মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। হেলথ এক্সপ্রেসের মাধ্যমে আমরা মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে উন্নত প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে চাই।’
কর্মসূচিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও সহজলভ্য ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।



