বউকে বিরিয়ানি খাওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে স্বামীর ছুরিকাঘাত

চট্টগ্রামের কর্ণফুলীতে বিরিয়ানি খাওয়ার প্রলোভন দেখিয়ে স্ত্রীকে ডেকে নিয়ে নির্জন জঙ্গলে ছুরিকাঘাত করে ফেলে পালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সানোয়ারা বেগম (৪২) নামের ওই নারীকে পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর আলম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, আহত সানোয়ারাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং তাঁর অস্ত্রোপচার চলছে।

আহত সানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন। জানা গেছে, তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে কর্মরত। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়।

ঘটনার পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কর্ণফুলী থানার একটি দল সেখানে অবস্থান করছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, এটি সানোয়ারার দ্বিতীয় বিয়ে। আগের স্বামী মারা গেছেন। পূর্বের সংসারে তাঁর দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে প্রায় ছয় মাস ধরে তাঁর কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দেওয়া এবং দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্য একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে স্বামী হাবিবুর রহমান কৌশলে সানোয়ারাকে মইজ্জ্যারটেক এলাকার একটি বিরিয়ানির রেস্তোরাঁর দিকে নিয়ে যান। পরে সেখান থেকে আবাসিক এলাকায় নিয়ে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

ওসি মো. শাহীনূর আলম বলেন, খবর পেয়ে দ্রুত আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটক করা গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ksrm