রাঙামাটির বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ শিক্ষার্থী।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের ছাত্রাবাসে এ সংঘর্ষ হয়।
আহত ১২ শিক্ষার্থীর মধ্যে পাঁচজন কক্সবাজার জেলার। তারা হলেন—হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকবির হাবিব, আরাফাত আবির ও মো. ইমরান। অন্যরা হলেন—আবদুল্লাহ আল তৌসিফ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন, মো. মোস্তাকিম ও তারেক হোছাইন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে থেকে জানানো হয়, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে ও ফেসবুক স্ট্যাটাসে কী ছিল, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
জানা গেছে, ইনস্টিটিউটের ছাত্রাবাসের শিক্ষার্থীরা মূলত দুটি ফোরামে বিভক্ত। এর একটি কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে এবং আপরটি অন্য সব জেলার শিক্ষার্থীদের নিয়ে। শুক্রবার রাতে সংঘর্ষে জড়ানো দুটি পক্ষ দুই ফোরামের।
এ বিষয়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, সংঘর্ষের ঘটনা তদন্তে অটোমোবাইল বিভাগের প্রধান প্রকৌশলী রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
ডিজে




