চট্টগ্রামে রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ২০২৫–২০২৬ রোটারি বর্ষের শেষ নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের কাজীর দেউড়িস্থ কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সমাপ্ত রোটারি বর্ষের সেবামূলক কর্মকাণ্ড, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ক্লাবের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় সহযোগিতা করেন ক্লাবের সম্পাদক রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, সমাপ্ত রোটারি বর্ষে বাস্তবায়িত সফল কার্যক্রম আগামী দিনের রোটারিয়ানদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। একই সঙ্গে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মো. আব্দুল কাদের এবং রোটারিয়ান মো. শোয়েব উদ্দিন খান। তাঁরা তাঁদের দীর্ঘদিনের রোটারি অভিজ্ঞতা, নেতৃত্বের বিভিন্ন দিক এবং ক্লাবের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। তাঁদের অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।
সভায় ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান একরামুল হুদা, ওয়াহিদুল ইসলাম অয়ন, ডা. গোলাম জিলানী জুয়েল, ডা. সাজ্জাদ রশিদ মারুফ, মোহাম্মদ এম. এ. হান্নান এবং মো. ফজলের রাব্বির সিনান।
এ ছাড়া বিভিন্ন রোটারি ক্লাব থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান আশরাফুল আলম (রোটারি ক্লাব অব চিটাগং সাউথ), খন্দকার মোহাম্মদ ইমদাদুর রহমান (রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি), আব্দুল্লাহ মিলন (রোটারি ক্লাব অব চিটাগং খুলশি), তাহিয়া কবির (রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটি) এবং সাবিনা কাইয়ুম (রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবো)।
বক্তারা তাঁদের বক্তব্যে রোটারির মূল শক্তি হিসেবে ফেলোশিপ, ঐক্য ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশ ও বিশ্বব্যাপী রোটারির সেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে সব রোটারিয়ানের সক্রিয় সম্পৃক্ততা প্রয়োজন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে সব রোটারি ক্লাব একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা। সমাজের মানবকল্যাণমূলক উদ্যোগে রোটারির সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন বক্তারা।
সভার শেষ পর্যায়ে সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু উপস্থিত সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামী সভায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ২০২৫–২০২৬ রোটারি বর্ষের শেষ নিয়মিত সভার সমাপ্তি ঘোষণা করেন।




