বান্দরবানে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ পাওয়া গেছে ফুফুর ঘরের একটি বক্সে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তায়িফা সুলতানা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে তায়িফাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর শিশুটির পরিবারের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে নার্গিস সুলতানাকে তায়িফাকে নিজের কক্ষে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তার কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে একটি বক্সের ভেতর শিশুটির মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানাননি তিনি।
পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর নার্গিস সুলতানা তার ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। শিশুটির মায়ের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।
এএইচ/ডিজে




