
বাংলাদেশের একাদশে ২টি পরিবর্তন এসেছে। আগের দুই ম্যাচে তিন নম্বরে ব্যাট করা ইমরুল কায়েস বাদ পরেছেন। তার জায়গায় দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তিন নম্বরে ব্যাট করতে পারেন সাব্বির রহমান। তাছাড়া কার্ডিফের বাউন্সি পিচের কারণে একাদশে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। আর তাকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
কার্ডিফে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেখান থেকেই কিউইদের হারানোর প্রেরণা খুঁজে নিতে পারেন মাশরাফি বিন মুর্তজারা। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক পরিসংখ্যানটা বেশ ভালো। মুখোমুখি লড়াইয়ে কেন উইলিয়ামসনদের বিপক্ষে সর্বশেষ ১৪ ওয়ানডের ৮টিতে জিতেছে বাংলাদেশ। কিউইরা জিতেছে ৫টি ম্যাচ। বাকিটি হয়েছে পরিত্যক্ত। এই তো গেল মাসে দুদলের সর্বশেষ সাক্ষাতেও ডাবলিনে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন, রস টেইলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।


