চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি বিপণিবিতানে পাকিস্তানি ব্র্যান্ডের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপণিবিতানের কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের উৎস ও ব্র্যান্ড সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। অভিযানে দেখা যায়, বাংলাদেশি পণ্য পাকিস্তানের আগানূর ও সাদাবাহার ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছিল।
অভিযানে ‘for you ABAYA’ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ‘Guzal’ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, ‘ইরানি বোরকা হাউস’কে ১৫ হাজার টাকা এবং ‘খাদিঘর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খোলা বাজার থেকে লুঙ্গি কিনে এনে তা খাদিঘর ব্র্যান্ডের পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছিল। আবার ‘মেড ইন ইউএই’ লেখা বোরকার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে তৈরি হওয়ার কোনো নথি দেখাতে পারেনি, তবুও তা ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল।
তিনি আরও জানান, এসব পণ্য সাধারণ ভোক্তাদের কাছে ‘মেড ইন সৌদি আরব’ কিংবা ‘মেড ইন ইরান’ বলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই ভোক্তা প্রতারণা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
আরএ




