চট্টগ্রামের হাটহাজারীতে ঐতিহ্যবাহী ফতেপুর দরবার শরীফে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধর্মীয় আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। দরবারের প্রতিষ্ঠাতা খলীফায়ে গাওসুল আজম মাইজভান্ডারী ও গাওসুল আজম বাবা ভান্ডারী কেবলার ভগ্নীপতি আরেফে কামেল শাহসূফী মওলানা সৈয়দ বাচা মিঞা শাহ ফতেপুরীর কনিষ্ঠ ছাহেবজাদা পীরে তরীকত শাহসূফী সৈয়দ নুরুল হুদা প্রকাশ নুর ভান্ডারী ফতেপুরী (রহ.)-এর বার্ষিক ওরশ মুবারক অনুষ্ঠিত হবে মহাসমারোহে।
ওরশ উপলক্ষে গাউসিয়া হুদা মঞ্জিলে সাজ্জাদানশীনে দরবারে ফতেপুরী শাহজাদা সৈয়দ দিদারুল হুদা ফতেপুরী ও শাহজাদা সৈয়দ সাইফুল হুদা ফতেপুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজন সম্পন্ন করা হয়েছে। দিনরাতব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আশেকানে তরীকত অংশ নেবেন।
আয়োজনের শুরু হবে বাদে ফজরের পর খতমে কোরআন, জিকির-আজকার ও রওজা শরীফে গিলাফ ছড়ানোর মাধ্যমে। পরে জীব কোরবানী অনুষ্ঠিত হবে। রাতে বাদে ইশা মিলাদ কিয়াম, মাহফিলে সামা ও আখেরি মোনাজাতের আয়োজন থাকবে। সবশেষে ফাতেহা, নিয়াজের তাবরুক পরিবেশন করা হবে।
ওরশে অংশ নিতে দরবার শরীফের পক্ষ থেকে সব আশেকানে তরীকতকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের মতে, ফতেপুর দরবার শরীফে প্রতিবছরের মতো এবারও ওরশে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম হবে।



