চট্টগ্রামের ফটিকছড়িতে মধ্যরাতে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। দুটি বস্তা থেকে এসব বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার বারোমাসিয়া চা বাগানে ভূজপুর থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে।
পুলিশ বলছে, মঙ্গলবার রাত ২টার দিকে টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পেছনে বারোমাসিয়া চা বাগানের জঙ্গলের ভেতর দুর্বৃত্তরা দুটি বস্তায় মোড়ানো বন্দুক ফেলে যায়। পরে বস্তা থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছিল।
এআরই/ডিজে



