চট্টগ্রামের ফটিকছড়ির প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পে নিম্নমানের খোয়া ও মাটি মিশ্রিত বালু ব্যবহারের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তা সরিয়ে ফেলা হয়েছে। নতুন উপকরণ দিয়ে ফের শুরু হয়েছে সড়ক নির্মাণকাজ।
রোববার (১০ মে) সকাল থেকে ফটিকছড়ির গার্ডের দোকান থেকে নতুনবাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কে পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় পুরোনো ও নিম্নমানের খোয়া ও মাটি মিশ্রিত বালু সরিয়ে নতুন উপকরণ ব্যবহার করতে দেখা যায়।
নিম্নমানের কাজ নিয়ে চট্টগ্রামের একটি গণমাধ্যমে খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন ও প্রকৌশল অধিদপ্তরের নজরে আসে বিষয়টি। পরে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রেখে ব্যবহৃত নিম্নমানের উপকরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিম্নমানের উপকরণ অপসারণ করে মানসম্মতভাবে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ করছে এ এস বি লিমিটেড ও ফামানটেক কর্পোরেশন। তবে নির্ধারিত সময় শেষ হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি ১০ শতাংশেরও কম বলে জানা গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, ইটভাটা থেকে সরবরাহ করা কিছু খোয়া নিম্নমানের হওয়ায় সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার ও কাজে গাফিলতি চলছিল।
এএইচ




