চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রাম্য সালিশ বৈঠকে চুরির অভিযোগ তুলে নুরুল আবছার নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. রাসেল নামে আরেক যুবক।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবছার (৪০) ওই এলাকার নুর নবীর ছেলে। গুরুতর আহত রাসেল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে একটি গ্রাম্য সালিশ বসানো হয়। সালিশ চলাকালে তাদের চোর হিসেবে অভিযুক্ত করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপস্থিত কিছু লোকজন তাদের ওপর হামলে পড়ে এবং বেধড়ক মারধর করে।
মারধরের একপর্যায়ে গুরুতর আহত হন দুজনই। পরে আবছারের মা জাহানারা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন। রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আবছারের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত ও আহত উভয়ের বিরুদ্ধেই আগেও চুরির অভিযোগ ছিল। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে কাউকে পিটিয়ে হত্যা করা সম্পূর্ণ বেআইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এএইচ/ডিজে




