ফটিকছড়িতে আবারও ৪৮ ঘণ্টা হরতালের ডাক

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থানান্তরের দাবিতে টানা দুই দিন বারৈয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই-ফটিকছড়ি সড়কে হরতালের ঘোষণা দিয়েছেন তিন ইউনিয়নের বাসিন্দারা।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে হরতালের ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক ও বাগমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক জানান, নতুন ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর মৌজায় নির্ধারণ করায় তা উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সুবিধাজনক নয়। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না এবং মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তিও দূর হবে না।

তিনি আরও জানান, এ দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা আগামী রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করবেন। তবে জরুরি সেবার গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আন্দোলনকারীদের দাবি, উত্তরাঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনায় দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে।

একই দাবিতে গত ১৬ জুলাই ছয় ইউনিয়নের বাসিন্দারা হরতাল পালন করেন। ওই দিন নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেঁয়াকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকায় যানবাহন চলাচল কার্যত বন্ধ ছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমীন, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, ফটিকছড়ি উত্তর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ বি এম সিদ্দিক এবং ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিন।

এফএ/ডিজে

ksrm