ফটিকছড়িতে আগুনে দগ্ধ পাম্পের সহকারী ব্যবস্থাপকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিদগ্ধ পেট্রোল পাম্পের এক সহকারী ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। পাঁচদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ব্যক্তির নাম মনোতোষ নাথ (৪৫)। উপজেলার নাজিরহাট পৌরসভার ইমামনগর গ্রামের বাসিন্দা এবং হরিমোহন নাথের ছেলে। তিনি নাজিরহাট ঝংকারের মেসার্স জনতা অয়েল কোম্পানি লিমিটেডে প্রায় দুই দশক ধরে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে নিজ বাড়ির সামনে মোটরসাইকেলের প্লাগ পরিষ্কার করার সময় অসাবধানতাবশত আগুনে দগ্ধ হন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর তার মৃত্যু হয়।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মনোতোষ নাথ পাম্প থেকে তেল এনে বাড়িতে মজুদ করতেন এবং গভীর রাতে তা বেশি দামে বিক্রি করতেন। ঘটনার দিন হয়তো এমন কাজের সময় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা।

তবে এমন দাবি নাকচ করেছেন পাম্পের ব্যবস্থাপক মো. তৌহিদুল আলম। তিনি বলেন, আমার জানা মতে তিনি কখনও চোরাইভাবে তেল নেননি। ব্যক্তিগত প্রয়োজনে সামান্য তেল নেওয়া হয়ে থাকতে পারে, কিন্তু বেশি নিলে সেটি আমাদের পক্ষে গোপন রাখা সম্ভব নয়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। অন্ধকারে বাতির আলোয় মোটরসাইকেলে তেল ঢালার সময় আগুন ধরে যায়। এতে মনোতোষ গুরুতর দগ্ধ হন।

মনোতোষের বাড়ির সর্দার উজ্জ্বল নাথ বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাম্প কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

ডিজে

ksrm