চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের ফ্রিতেই প্রবেশের সুযোগ করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই প্রবেশ সম্পূর্ণ ফ্রি। সঙ্গে থাকতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র।
বুধবার (২ সেপ্টেম্বর) ২৬ জন শিক্ষার্থী বর্জ্য দিয়ে ফ্রি প্রবেশের সুবিধা নিয়েছে। এর আগে মঙ্গলবার প্লাস্টিক দূষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চট্টগ্রাম জেলা প্রশাসন এই উদ্যোগ চালু করে। প্রথম দিনেই সাতজন শিক্ষার্থী এই উদ্যোগে অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক জানায়, প্লাস্টিক পরিবেশের জন্য বড় এক হুমকি। সবত্র ফেলে রাখা প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মিশে না। শিক্ষার্থীদের প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিড়িয়াখানার সামনে প্লাস্টক জমা দেওয়ার জন্য স্থান আছে। সেখানে ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিলেই মেলছে চিড়িয়াখানা ফ্রিতেই ঘুরে দেখার সুযোগ। চিড়িয়াখানার প্রবেশমুখে প্লাস্টিকের ওজন মাপার ব্যবস্থা রাখা হয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন জানান, একজন শিক্ষার্থী কমপক্ষে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে। তবে শিক্ষার্থী হিসেবে পরিচয় নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।
এর আগে গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতিও।
এফএ/ডিজে




