প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চট্টগ্রাম নগরের ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা থেকে ধাক্কা দিয়ে রিয়া আক্তারকে রিতাকে খুন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবককে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) রাতে অভিযুক্ত আব্দুর রহমান শেখকে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকার বাসিন্দা। তবে বর্তমানে নগরের আকবরশাহ থানার ফয়’স লেক এলাকায় ভাড়া বাসায় থাকেন।
নিহত রিয়া আক্তার রিতা (২০) নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা ও একটি গার্মেন্টসের কাজ করতেন।
পুলিশ জানায়, একই গার্মেন্টসে কাজ করার সুবাদে আব্দুর রহমানের সঙ্গে রিয়ার পরিচয় হয়। চাকরি ছেড়ে দেওয়ার পরও রিয়ার সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় দীর্ঘদিন ধরে রিয়াকে উত্ত্যক্ত করে আসছিলেন তিনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শনিবার রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিয়াকে ফয়’স লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের সিঁড়িতে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এএইচ/ডিজে




