প্রীতিলতার আত্মাহুতির দিনে বোয়িং চুক্তি নিয়ে বাসদের ক্ষোভ

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবসে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রীতিলতা ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সমাবেশে বাসদ নেতারা বলেন, যে দিনে প্রীতিলতার আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে, একই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। তাদের অভিযোগ, এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ওপর চাপ তৈরি করছে।

সমাবেশে বক্তারা বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সামনে এগিয়ে নিয়েছিলেন। তার আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাসদ নেতারা আরও বলেন, বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো বাণিজ্যিক চুক্তি করার ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থ, অর্থনৈতিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করা জরুরি। তারা চুক্তির বিভিন্ন দিক জনসমক্ষে তুলে ধরা এবং জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান।

পরে নেতাকর্মীরা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মত্যাগের চেতনায় সাম্প্রদায়িকতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ksrm