প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের নেজাম

হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিচারপতি আনোয়ারুল ইসলাম ও রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

জানা গেছে, গত ১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ই-ট্রেড লাইসেন্স নবায়ন ফি (বার্ষিক) বিল খেলাপির কারণে নেজাম উদ্দীনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এরপর ইসিতে আপিল করলে ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতেও মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশনার (ইসি)। পরে হাইকোর্টে রিট করলে রোববার বিচারপতি আনোয়ারুল ইসলাম ও রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিনের প্রার্থীতা ফিরিয়ে দেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কয়েক মিনিট আগে হঠাৎ একটি যৌথ ই-ট্রেড লাইসেন্স নবায়ন ফি নিয়ে অভিযোগ দিয়ে মনোনয়নপত্র বাতিল করে। ইনশাআল্লাহ, হাইকোর্ট আজ আমার পক্ষে রায় দিয়েছে। গণঅধিকার পরিষদ গণমানুষের দল। আমি আশাবাদী চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান কর্মকাণ্ড অনুযায়ী গণঅধিকার পরিষদকেই বেছে নিবে।

ksrm