প্রাইভেট কারের ধাক্কায় ছিটকে দুই অটোরিকশা যাত্রীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভী দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৫ মার্চ) বিওসি মোড়ে সকাল ৯টা ১৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাবুল দে ও ফল ব্যবসায়ী রঞ্জিত ধর।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় কয়েকজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। পরে একটি অটোরিকশা এলে তারা সেটিতে উঠে দোহাজারীর উদ্দেশ্যে রওনা দেন। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি যাত্রীসহ প্রায় ২০ গজ দূরে ছিটকে পড়ে এবং সবাই গুরুতর আহত হন।

সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল জানান, নিহত বাবুল দে সকালে অটোরিকশায় করে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এএইচ/ডিজে

ksrm