প্রাইভেটকারের ব্যাকডালায় মিললো ২ কোটির ইয়াবা, চালক আটক

প্রাইভেটকারে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলেন গাড়িচালক বাবু মোল্লা। পথে পুলিশ গাড়ি থামানোর সংকেত দেয়। কিন্তু গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে সে চেষ্টা বিফল হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়িচালককে।

পুলিশের ধারণা, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার সিন্ডিকেটে অন্যতম সদস্য বাবু মোল্লা।

রোববার (৩১ মে) মধ্যরাত আড়াইটায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসানো হয়। রাত আড়াইটার দিকে ঢাকামেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির পেছনের ব্যাকডালার নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকারও বেশি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি হচ্ছিল। সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।

জোরারগঞ্জ থানায় উদ্ধার হওয়া ইয়াবা চালানের মধ্যে এটি অন্যতম। আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে জানান ওসি আব্দুল হালিম।

ডিজে

ksrm