চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহায় লকডাউনেও চলছে অবৈধ বালু ব্যবসায়ীদের কারবার। উপজেলা প্রশাসন অভিযান চালাতে এলে ড্রেজার ফেলে পালায় তারা। সোমবার (১৫ জুন) গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেন সাতকানিয়া সহকারী ভূমি কর্মকর্তা আল বশিরুল ইসলাম।
জানা যায়, সাতকানিয়া উপজেলায় ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সহিপাড়ায় খালের মধ্যে বেশ কয়েক বছর ধরেই অবৈধ বালু ব্যবসায়ীরা সক্রিয়। সোমবার দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের সহিপাড়ায় দুপুরে অবৈধভাবে বালু তোলার সময় এলাকাবাসীরা সাতকানিয়া সহকারী ভূমি কর্মকর্তা আল বশিরুল ইসলামকে খবর দেন।
খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে যান তিনি। তার আসার খবর পেয়ে ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ছদাহার ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, ‘ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আজহার আর যুবলীগ নেতা বেলাল উদ্দীন এবং যুবলীগ নেতা শহীদ, সরোয়ার কামাল, আবু তালেব এরাই অবৈধ বালু ব্যবসায় জড়িত। এছাড়া ছদাহার সব পয়েন্টে বালু তোলায় এদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইন্ধন রয়েছে।’
এ বিষয়ে সাতকানিয়া সহকারী ভূমি কর্মকর্তা আল বশিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোপন খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের ধরতে গিয়েছিলাম তারা গতিবিধি টের পেয়ে যায়। তারা পালিয়ে গেলেও আমরা ড্রেজারটি জব্দ করি। আমি বশিরুল ইসলাম স্পষ্ট বলছি তাদের নাম তালিকাভুক্ত হয়েছে। তারা কোন ছাড় পাবে না।’
এসএস




