প্রশাসককে সরানো নয়, আগস্টেই নির্বাচন: সমাজসেবা অধিদপ্তরে মুক্তিযোদ্ধা পরিবারের দাবি
অবৈধ দখলদার উচ্ছেদের দাবি
সমিতির প্রশাসকের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধ, অবৈধ দখলদার উচ্ছেদ এবং সমিতির সার্বিক উন্নয়নের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’র সাধারণ সদস্যরা। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
স্মারকলিপিতে সমিতির সাধারণ সদস্যরা বলেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিযুক্ত প্রশাসক, ক্র্যাক প্লাটুনের দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম শহীদ আশফাকুস সামাদের কনিষ্ঠ ভ্রাতা আবু মো. ইশতিয়াক আজিজ দায়িত্ব নেওয়ার পর থেকে সমিতির সম্পদ রক্ষা, ফ্ল্যাট মালিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে কাজ করে যাচ্ছেন।
প্রশাসকের পক্ষে সদস্যদের অবস্থান
স্মারকলিপিতে বলা হয়, প্রশাসকের দক্ষ পরিচালনায় সমিতির আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ রাখতে সমাজসেবা অধিদপ্তরের গঠিত তিন সদস্যের কমিটি সন্তোষজনক প্রতিবেদন দাখিল করেছে এবং সেটি ভূতাপেক্ষ অনুমোদন লাভ করেছে।
প্রশাসকের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সদস্যরা বলেন, কতিপয় দুষ্কৃতকারী, অর্থ আত্মসাৎকারী, ফ্ল্যাট দখলদার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রত্যাখ্যাত অমুক্তিযোদ্ধা ও সন্ত্রাসী গোষ্ঠী প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। এসব স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
আগস্টেই নির্বাচন আয়োজনের আশ্বাস
স্মারকলিপিতে সমিতির নির্বাচন বিলম্বের কারণও তুলে ধরা হয়। এতে বলা হয়, আগে কোনো বৈধ ভোটার তালিকা ছিল না। পরে যে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, তা সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী হওয়ায় সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্তমানে নতুন ও চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ চলছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হলেই চলতি আগস্ট মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে প্রশাসক আশ্বস্ত করেছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে সদস্যরা আশা প্রকাশ করেন, বীর মুক্তিযোদ্ধা আবু মো. ইশতিয়াক আজিজের মতো একজন সৎ, সাহসী ও মেধাবী ব্যক্তিত্বই সমিতির অনিয়ম-দুর্নীতি দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষা করতে সক্ষম। সমিতির অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাঁকে স্বপদে বহাল রাখার জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী, মো. বেলায়েত হোসেন মোস্তাজি, ফয়জুর রহমান চৌধুরী, এস এম মকছেদ আলী, মো. ইয়াসমিন কবির, মো. হারুন চৌধুরী, মো. মোকলেছুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুস সাত্তারসহ আরও অনেকে।




