প্রভাষক পদেই অযোগ্য, তবু নামের আগে ‘অধ্যাপক’, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বিতর্কে অর্পণ

সনদ জালিয়াতির অভিযোগে চাকরি হারিয়েছেন তিন বছর আগে। সেই ব্যক্তিই গত ২০ অক্টোবর চট্টগ্রাম নগরের জেএম সেন হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দুর্গাপূজার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন ‘অধ্যাপক’ পরিচয়ে। তিনি অর্পণ কান্তি ব্যানার্জী। রাউজান সরকারি কলেজের প্রভাষক পদ থেকে বরখাস্ত হওয়া অর্পণ কীভাবে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বরখাস্ত হওয়ার পরও তাঁর নামের আগে ‘অধ্যাপক’ পদবি ব্যবহারের বিষয়টি নিয়েও সমালোচনা করছেন অনেকে। এ ঘটনায় খোলামেলা ক্ষোভ জানিয়েছেন সাধারণ সনাতনীদের অনেকে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০০৩ সালের ১ এপ্রিল এমপিওভুক্ত হন অর্পণ কান্তি ব্যানার্জী। তাঁর ইনডেক্স নম্বর ছিল ৬১৭৭০৫। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর ২০১৯ ও ২০২১ সালে দুটি এবং ২০২২ সালে আরও দুটি তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

অনুসন্ধানে দেখা গেছে, অর্পণ কান্তির নিয়োগপ্রক্রিয়ার মূল্যায়নপত্রের সন্ধান পাননি তদন্তকারীরা। নিয়োগসংক্রান্ত রেজুলেশনেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা ছিল না। তদন্তে তাঁর সনদ জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। সর্বশেষ তিনি রাউজান সরকারি কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন। সনদ জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর প্রভাষক পদে চাকরির যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে অর্পণ কান্তির। ২০২৩ সালের মার্চে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, চাকরিচ্যুত হওয়ার পরও অর্পণ কান্তি নিজের নামের আগে ‘অধ্যাপক’ পদবি ব্যবহার করছেন।

অর্পণ কান্তি ব্যানার্জী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের দায়িত্বে রয়েছেন বলে দাবি করেন। গত ২০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্পণ কান্তি। অনুষ্ঠানের পরিচিতিতেও তাঁর নামের আগে ‘অধ্যাপক’ পদবি ব্যবহার করা হয়।

সনদ জালিয়াতির অভিযোগে চাকরিচ্যুত একজন ব্যক্তি কীভাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ সনাতনীদের অনেকে। তাঁদের কেউ কেউ অভিযোগ করেছেন, এ ধরনের ঘটনা ধর্মীয় অনুষ্ঠান ও ধর্মীয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

রাউজান সরকারি কলেজের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০২৩ সালে অর্পণ কান্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি বরখাস্ত অবস্থায় রয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশনায় তাঁকে আর কলেজে যোগদান করতে না দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

যোগ্যতা ছাড়া ‘অধ্যাপক’ পদবি ব্যবহারের আইনি অবস্থান সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়ে থাকলে অর্পণ কান্তি প্রভাষক পদবিও ব্যবহার করার যোগ্যতা রাখেন না। এরপরও তিনি এ ধরনের পদবি ব্যবহার করলে তা প্রতারণামূলক অপরাধ হতে পারে। তাঁর কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে মামলা করতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কোনো শিক্ষক বরখাস্ত হলে তাঁকে পরীক্ষার খাতা মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত রাখা হয়।

অর্পণ কান্তি ব্যানার্জীর বিরুদ্ধে ওঠা অভিযোগ, চাকরিচ্যুতির পর ‘অধ্যাপক’ পদবি ব্যবহার এবং প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তবে তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান।

ksrm