প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে বিএনপি নেতা এমএ হাশেমের নেতৃত্বে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা মিছিলে ঝাড়ু ও জুতা নিয়ে চন্দনাইশ উপজেলার গাজবাড়িয়া এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা অলি আহমদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টারে লাল ক্রস চিহ্ন দিয়ে প্রতিবাদ জানান। এছাড়া ‘চন্দনাইশের মাটি জসিম ভাইয়ের ঘাঁটি, চন্দনাইশের মাটি তারেক রহমানের ঘাটি’—বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিকৃতি এবং ‘ওয়ান-ইলেভেন’র ঘটনাপ্রবাহে সংশ্লিষ্টতার কারণে কর্নেল (অব.) অলি আহমদকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আনোয়ারা ও পটিয়া হয়ে চন্দনাইশে প্রবেশের সব পথ অলি আহমদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতার ইতিহাস রক্ষায় এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজুল ইসলাম সওদাগর, আব্দুল মাবুদ মাহবুব, বিএনপি নেতা মুর্শিদুল আলম মুন্না, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, সেকান্দার বাদশা, আরিফুল ইসলাম মারুফ ও সাবেক ভিপি আব্দুর রউফসহ স্থানীয় নেতারা।

ksrm