প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি ‘চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল’-এ চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার ঘটনা নিয়ে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভার আমির হামিদ উদ্দিন আযাদ। প্রতিবাদলিপিতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শাহারিয়া আহমদ ইমনের সঙ্গে তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, সংবাদে তাঁর নাম, ছবি ও সম্পাদিত অডিও কল রেকর্ড ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। অবৈধ মাটি কাটার সঙ্গে তাঁর বা শাহারিয়া আহমদ ইমনের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। অডিও রেকর্ডটি খণ্ডিত ও সম্পাদিতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হামিদ উদ্দিন আযাদ জানান, তিনি একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির। তাঁর দাবি, যথাযথ তথ্য যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ করায় তাঁদের সামাজিক, রাজনৈতিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

ভবিষ্যতে সংবাদ প্রকাশে তথ্য যাচাই ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ksrm