কাঠামোগত নিরাপত্তাঝুঁকি এড়াতে পুরোনো কারখানা ভবন ভেঙে নতুন অত্যাধুনিক শিল্পকারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্যাসিফিক জিন্স লিমিটেড। প্রস্তাবিত নতুন কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি নতুন কারখানায় পুরনো শ্রমিকদের পুনঃনিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির ভেরিফাইড পেইজে এ তথ্য জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রায় ৩৪ বছর পুরনো ভবনটিতে কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষা ও বিস্তারিত প্রকৌশল মূল্যায়ন চালায় তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা তদারক সংস্থা আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। মূল্যায়নে ভবনটিতে সম্ভাব্য কাঠামোগত বিপর্যয়ের ঝুঁকি চিহ্নিত হওয়ায় সেখানে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে ভবনটি ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে প্যাসিফিক জিন্স জানিয়েছ, শ্রমিকদের জীবন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত শুধু প্যাসিফিক জিন্স লিমিটেডের ইউনিট-১-এর ওই নির্দিষ্ট ভবনের ক্ষেত্রেই প্রযোজ্য। তনে প্রতিষ্ঠানের অন্য উৎপাদন ইউনিট ও প্যাসিফিক জিন্স গ্রুপের অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করে, সংশ্লিষ্ট ভবনে কর্মরত শ্রমিকদের চাকরি অবসানের প্রক্রিয়া গত ৩১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হয়েছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ অনুযায়ী তাদের আইনানুগ ক্ষতিপূরণ ও অন্যান্য পাওনা পরিশোধ করা হচ্ছে।
শ্রমিকদের বেতন, ওভারটাইম, অন্যান্য ভাতা, অব্যবহৃত অর্জিত ছুটির অর্থ, নোটিশ পে, সার্ভিস বেনিফিট এবং মুনাফাসহ প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ করা হচ্ছে। চাকরি অবসানের দিনই সংশ্লিষ্ট শ্রমিকদের নিজ নিজ ব্যাংক হিসাবে চূড়ান্ত পাওনা পাঠানো হচ্ছে। পাশাপাশি তাদের পাওনার বিবরণসংবলিত পে-স্লিপ, অভিজ্ঞতার সনদ ও প্রশংসাপত্রও দেওয়া হচ্ছে।
নতুন কারখানা নির্মাণের বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, উৎপাদন কার্যক্রম বন্ধ এবং শ্রমিকদের চাকরি অবসানের প্রক্রিয়া শেষ হওয়ার পর আরএসসির নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙা হবে। পরে একই স্থানে পরিবেশবান্ধব, আধুনিক প্রযুক্তিনির্ভর ও বহুতলবিশিষ্ট নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
প্রস্তাবিত কারখানাটি চালু হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এতে বর্তমান শ্রমিকদের পুনরায় নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে। নতুন এই শিল্পকারখানা দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছে প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ।
এনএইচ/ডিজে




