প্যারোলে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকা।
সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৪টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। পরে দুপুর বাদে জোহর উপজেলার চন্দনাইশ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তার বাবা নুর নবী সওদাগরের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
মো. শাহাদাৎ নবী খোকার বাবা নুর নবী সওদাগর (৯০) ১৬ আগস্ট রবিবার ভোর ৫টায় চন্দনাইশ পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য মো. শাহাদাৎ নবী খোকারকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
পুলিশের একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে চন্দনাইশে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন খোকা। তার কান্নায় উপস্থিত স্বজন ও অন্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় জানাজাস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকার বিরুদ্ধে ঢাকা ধানমন্ডি থানায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে সাড়ে ১১ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
ডিজে




