চট্টগ্রামে বিশ্ব পোলিও দিবস পালন, জনসচেতনতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সেবামূলক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নিয়ে সভা করেছে রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ। গত শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডের গেস্ট হাউসে ক্লাবটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাসের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন। তাঁর সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাব সচিব রোটারিয়ান ইকরামুল হুদা, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, রোটারিয়ান ফজলে রাব্বি সিনানসহ ক্লাবের অন্যান্য সদস্য।
সভায় আগামী ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন এবং অক্টোবর মাসের ইকোনমিক অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট মাস উপলক্ষে ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ব পোলিও দিবসের তাৎপর্য তুলে ধরা, পোলিওমুক্ত বিশ্ব গড়তে জনসচেতনতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রোটারির ভূমিকা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন সদস্যরা।
দিবসটি পালন উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ, সদস্যদের অংশগ্রহণ এবং যৌথ সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত রোটারিয়ানরা রোটারির মানবিক আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যতের সেবামূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে সভা শেষ হয়।




