পোর্ট সিটি ইউনিভার্সিটির নবীনবরণে বর্ণাঢ্য আয়োজন

নৃত্য, সংগীত ও প্রাণবন্ত আয়োজনের মধ্যদিয়ে (ফল-২০২৬) সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)। অনুষ্ঠানে নতুনদের দক্ষ, সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান অতিথিরা।

পোর্ট সিটি ইউনিভার্সিটির নবীনবরণে বর্ণাঢ্য আয়োজন 1

২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি নবাগত শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও স্মরণীয় করে তোলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী । তিনি নবীন শিক্ষার্থীদের ফুলের সঙ্গে তুলনা করে নিজেকে একজন ‘কেয়ারটেকার’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘পিসিআইইউ’ একটি পরিবার। শিক্ষক থেকে শুরু করে এখানকার সবাই তোমাদের সর্বোচ্চ যত্ন নেবেন, যেন তোমরা প্রত্যেকে ফুলের মতো বিকশিত হতে পারো।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একজন আদর্শ, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়।

ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অধীন ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালের (গ্রেড-১) প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। তিনি বলেন, শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত দক্ষতা অর্জন। যে বিষয়ে পড়বে, সেই বিষয়েই নিজেকে সেরাদের একজন হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানে অংশ নেওয়া সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, তিনি ভবিষ্যতে সাংবাদিক ও লেখক হতে চান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়েই তিনি পিসিআইইউতে ভর্তি হয়েছেন। অন্য নবীন শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নিজেদের উচ্ছ্বাস ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

ksrm