পোর্ট সিটিতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন, দুই দিনে ২০৭ গবেষণাপত্র উপস্থাপন

উচ্চশিক্ষায় উৎকর্ষ ও টেকসই উন্নয়নের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) অনুষ্ঠিত দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে ২০৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টাবর) দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে ৮ ও ৯ অক্টোবর আয়োজিত এ সম্মেলন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।

‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক সম্মেলনে মোট ২৮৬টি গবেষণাপত্র গৃহীত হয়। এর মধ্যে প্রথম দিনে ১১৭টি এবং দ্বিতীয় দিনে ৯০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার বুদি লুহুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব কমিউনিকেশন সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইনের কমিউনিকেশন সায়েন্স বিভাগের প্রভাষক ড. নি গুস্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং মালদ্বীপের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জিকুরা ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ রশিদ।

তাদের আলোচনায় যোগাযোগ ও সৃজনশীলতা, গবেষণাভিত্তিক শিক্ষা, জ্ঞান সৃষ্টিতে উচ্চশিক্ষার ভূমিকা এবং টেকসই উন্নয়নের সঙ্গে শিক্ষার সম্পর্ক গুরুত্ব পায়।

দ্বিতীয় দিনে দুটি পর্বে আরও ৯০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এদিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির অধীন ভিএনইউ ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেসের মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের প্রভাষক ড. দাও ক্যাম থুই, চীনের তিয়ানগং বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জুন শু এবং ভারতের সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও আইইইইর জ্যেষ্ঠ সদস্য ড. অদিতি শর্মা।

ড. দাও ক্যাম থুই তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), টেকসই উন্নয়ন, ব্র্যান্ডের মূল্য ও আস্থার পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। অধ্যাপক ড. জুন শু টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশলে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্ব ব্যাখ্যা করেন। অপরদিকে ড. অদিতি শর্মা উচ্চশিক্ষা ও প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের জন্য রিভার ক্রুজের আয়োজন করা হয়। সন্ধ্যায় পিসিআইইউ কালচারাল ফোরামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সেরা গবেষণাপত্রের জন্য পুরস্কারও দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জহির আহমেদ রতন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির।

পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী তার বক্তব্যে উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনের পাশাপাশি দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ বক্তব্য দেন। সম্মেলনের সভাপতি ও পিসিআইইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় স্বাগত বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জহির আহমেদ রতন, ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরীফ আশরাফুল জামান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আমিন এবং সিডিএ অ্যাভিনিউর অপারেশন ম্যানেজার ইমরান।

এছাড়া পিসিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, আলী আজম স্বপন ও আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

ksrm